
চলন্ত বাসে মব সৃষ্টি করে যাত্রীদের মারধর ও ভাংচুর। ৯৯৯ নম্বরে ফোনকলে গ্রেফতার দুই।
২০ সেপ্টেম্বর শনিবার ২০২৫ রাত প্রায় সাড়ে ১১ টায় প্রাইভেট কারের যাত্রী একজন কলার জানান, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের চট্টগ্রামুখী সীতাকুণ্ড থানাধীন এলাকায় আল-আরাফাত পরিবহণের একটি চলন্ত বাসে ডাকাতি হচ্ছে। তিনি বাসের যাত্রীদের চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছেন। সংবাদপ্রাপ্ত হয়ে ৯৯৯ কলটেকার কনস্টেবল মামুনুর রশিদ তাৎক্ষণিকভাবে কুমিরা হাইওয়ে থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। অবগত হয়ে কুমিরা হাইওয়ে থানার একটি দল সীতাকুণ্ড থানাধীন তেরিয়ালবাজারে বাসটিকে থামায়। যাত্রীদের ওপর হামলা ও বাসে ভাংচুরের অভিযোগে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুইজন হলো ১. মনির (২০), পিতা- আব্দুল মালেক, গুইমারা, খাগড়াছড়ি এবং ২. ওমর ফারুক হৃদয় (২৪), পিতা- আব্দুল হান্নান, আতাপাড়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা। জানা যায়, গ্রেফতারকৃত ওমর ফারুক ও তার স্ত্রী বাসের পেছনের সীটে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিলেন। এতে কয়েকজন যাত্রী তাদের ওপর বিরক্ত হয়ে নিষেধ করেন, এনিয়ে বাদানুবাদ ও হাতাহাতি হয়। পরে ওমর ফারুক ফোনে তার আত্মীয়-বন্ধুদের ডেকে আনে এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন জগন্নাথদিঘীর এলাকায় ৭/৮ জন ব্যক্তি চলন্ত বাসটি থামিয়ে যাত্রীদের মারধর ও ভাংচুর করে বাস থেকে নেমে পড়ে। কিন্তু গ্রেফতারকৃত দুজন বাস থেকে নামার সুযোগ পায়নি, তাদের নিয়ে বাসটি চলতে শুরু করে। পরে ৯৯৯ থেকে অবগত হয়ে কুমিরা হাইওয়ে থানা বাসটি থামায়।
পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারকৃতদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।
Leave a Reply