
র্যাব-৬ এর অভিযানে ইমরান মুন্সী হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ইমরান মুন্সী (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব সূত্র জানায়, র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারসহ হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জানুয়ারি ২০২৬) র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত ইমরান মুন্সী হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মোঃ ফরিদ শেখ (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরিদ শেখ মৃত মান্নান শেখের ছেলে। তার বাড়ি খুলনা সদর থানার ১নং কাস্টমঘাট এলাকায়।
র্যাব জানায়, এজাহার বিশ্লেষণে জানা গেছে— নিহত ইমরান মুন্সীর সঙ্গে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ ও মনোমালিন্য চলছিল।
এরই জের ধরে গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় অবস্থানকালে ইমরান মুন্সীকে গুলি ও ধারালো ছুরি দিয়ে গুরুতর জখম করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহত ইমরান মুন্সীর ফুফু দিলিয়া বেগম বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্যদের বিরুদ্ধে খুলনা সদর থানা, কেএমপি, খুলনায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply