
গাজীপুরের কালীগঞ্জে নিজ দোকানের কর্মীকে বাঁচাতে গিয়ে মালিক নিহত ১, আটক ৩
বিল্লাল হোসেন কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দোকানকর্মীকে মারধরের সময় তাকে রক্ষা করতে এগিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫)। তিনি চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে। পৌরসভা সংলগ্ন তাঁর মালিকানাধীন ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আটক ব্যক্তিরা হলেন বালীগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং ছেলে মাসুম মিয়া (২৮)। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলা ১১টার দিকে মাসুম মিয়া ওই হোটেলে যান। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানকর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। সে সময় মাসুমের বাবা-মা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বেলচা দিয়ে কালি ঘোষের মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই জড়িত তিনজনকে কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply