
র্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,গাড়ির মালিক পলাতক।
নিজস্ব প্রতিনিধি- ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকা থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি-২, সাভার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়া (NOAH) গাড়িও জব্দ করা হয়। তবে গাড়ির মালিক আব্দুল আহাদ পলাতক রয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৪ সিপিসি-২ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিল। এ সময় একটি সিলভার রঙের টয়োটা নোয়া গাড়িকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে আশুলিয়ার বারইপাড়া এলাকায় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির নাম মোঃ জুয়েল মিয়া (২৩)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসিন্দা।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জুয়েল মিয়া স্বীকার করেন যে, তিনি গাড়িতে গাঁজা পরিবহন করছিলেন। তার দেখানো মতে গাড়ির চালকের আসনের নিচে ও পেছনের সিটের মাঝখানে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২টি প্যাকেট থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি (রেজিস্ট্রেশন নম্বর: মেট্রো-চ ১৫-১৯৫৯) এবং একটি স্যামসাং ডুওস মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। চক্রটির মূল হোতা আব্দুল আহাদ বর্তমানে পলাতক। তিনি ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত হান্নান ও মান্নানসহ আরও কয়েকজনের নামও উঠে এসেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply