আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও হত্যা!
মোঃ রাকিবুল হাসান সোহাগ, আশুলিয়া (ঢাকা): ঢাকার আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে প্রাণ হারিয়েছেন রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শনিবার (৬ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রূপবান বেগমের মৃত্যু হয়।
নিহত রূপবান বেগম (৪৫) ঢাকার আশুলিয়ার তাজপুর এলাকার বাসিন্দা ও জয়নাল সরকারের স্ত্রী। মামলার প্রধান আসামি আলিয়া সরকার একই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকালে রুপবান বেগমের একটি ছাগল আলিয়া সরকারের উঠানে ঘাস খেতে যায়। এ সময় আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠে। পরে এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে রূপবান বেগমের সঙ্গে আলিয়া সরকারের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আলিয়া সরকার তার হাতে থাকা ধারালো দা দিয়ে রুপবানের পায়ে কোপ দিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগী জীবিত থাকাকালে তার স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আলিয়া সরকারকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা নেওয়া হয়। পরে রূপবান বেগমের মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সবাই বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।